কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরে থাকা একটি গাড়ীর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে। আহত শিশুকে উদ্ধার করে নিকটস্থ বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান মো. খালেদ বিন ওয়ালিদ (৮) ও স্থানীয় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এমপির গাড়ির পেছনে থাকা ৩ নং গাড়ির ধাক্কায় শিশুটি আহত হয়।
গাড়ির বহরে থাকা তারেক রহমান জানান, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এসময় উত্তেজিত জনতা বহরে থাকা গাড়িটি ভাংচুর করে।
সংসদ সদস্য আলমগীর ফরিদ নিরাপদে গন্তব্যে ফিরেছেন।
এই বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এমপির গাড়িতে নয় তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







