‘চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে’—এভাবে হুমকি দিয়ে মোহাম্মদ সিরাজ (৪৫) নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় দায়ের করা মামলায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আহমেদ কবীর (৪৭) নামে একজনকে নগরীর লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ’চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ১৯ ফেব্রুয়ারি সিরাজ নামের এক ব্যক্তি কবীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার বিকেলে কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আহমেদ কবীর (৪৭), সৈয়দ মোহাম্মদ বাচ্চু (৪৩), মোহাম্মদ আবদুল মন্নান (৩৯), সৈয়দ মোহাম্মদ মাইনুল হক (৪০) ও অজ্ঞাতনামা আরো পাঁচজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।
মোহাম্মদ সিরাজ অভিযোগ করেন, তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে খুলশী থানাধীন দক্ষিণ খুলশী গরিবুল্লাহ হাউজিং সোসাইটি ডেবার পাড় এলাকার একটি ভবনের নিচতলায় আসামিরা বেআইনিভাবে প্রবেশ করে তাকে ঘেরাও করে।
তিনি বলেন, ‘তারা আমাকে বলে, ‘চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।
আমি অপারগতা প্রকাশ করলে তারা আমাকে মারধর করে। গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং সাত দিনের মধ্যে টাকা না দিলে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও খুলশী থানার উপ-পরিদর্শক মাসুদ কামাল বলেন, ‘ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আহমেদ কবীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে ‘অর্থনীতি’ নামের একটি পত্রিকার সম্পাদক পরিচয় দিতেন।







