মিয়ানমারে হওয়া ভূমিকম্পের কারণে মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিটের দিকে বাংলাদেশে এই কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের বরাতে গুগল জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় এর প্রভাব বেশি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।
এদিকে, এর আগে মঙ্গলবার ভোরে আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা। বাংলাদেশ সময় ভোর ৪টা ৩৬ মিনিটে অনুভূত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পরপর দুটি ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, এখন পর্যন্ত কোথাও হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।







