বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সিলেটের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ময়মনসিংহের বাসিন্দা সেলিনা আক্তার। দীর্ঘদিন ধরে কর্মস্থল থেকে নিজ জেলায় বদলির অপেক্ষায় রয়েছেন তিনি।
গত ১৩ সেপ্টেম্বর বদলির আবেদন প্রক্রিয়া শেষ হলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এই এমপিওভুক্ত শিক্ষিকা। তার দাবি, বদলি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে সংসার। এ অবস্থায় বদলির আদেশের দাবিতে আমরণ অনশনে বসেছেন তিনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের’ ব্যানারে আমরণ অনশনে বসেন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত নারী শিক্ষকরা। সেখানেই নিজের পারিবারিক পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন সেলিনা আক্তার।
তিনি বলেন, “বদলির আদেশ না হওয়ায় আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও প্রায় তিন মাস হতে চলছে, অথচ বদলির আদেশ জারি হচ্ছে না।”
নিজের পারিবারিক দুর্ভোগের কথা তুলে ধরে সেলিনা আক্তার বলেন, “আমি যখন চাকরিতে যোগদান করি, তখন আমার সন্তানের বয়স ছিল চার বছর। বর্তমানে সে চতুর্থ শ্রেণিতে পড়ে। কর্মক্ষেত্রে থাকাকালীন সন্তানকে ঘরে তালা দিয়ে রেখে যেতে হতো। কখনো মাঝেমধ্যে সঙ্গে করে নিয়ে যেতাম। এতে সন্তানের শৈশব ও জীবন একটি উন্মুক্ত কারাগারের মধ্যে বন্দি হয়ে পড়েছিল। সন্তানের সুস্থ জীবনের জন্য পরিবারের কাছে থাকা জরুরি। শুধুমাত্র এই বদলির কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে এবং সংসারে ভুল বোঝাবুঝির কারণেই আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি।”
বদলির আদেশ দ্রুত জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বারবার যাওয়ার পর শিক্ষামন্ত্রী আমাদের বদলির আবেদন নিয়েছেন, সেজন্য প্রথমে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশায় থাকতে থাকতে আমরা প্রতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি বদলি হবে বলে আশ্বস্ত করলেও তিন মাস হতে চলেছে। এখনো আদেশ জারি হয়নি। কেন জারি হচ্ছে না, তা আমরা জানি না।”
জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। দ্রুত বদলির আদেশ জারি করাই তাদের প্রধান দাবি।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সময় শেষ হয়। এ প্রক্রিয়ায় সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশায় রয়েছেন শিক্ষকরা। তাদের অভিযোগ, বদলি নীতিমালায় পরিবর্তন আনতে চাইলে তা করা যেতে পারে। তবে নীতিমালা পরিবর্তনের অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপণের মাধ্যমে শিক্ষকদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে







