জুলাই আন্দোলনে শহীদদের জীবনী ও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষণের উদ্যোগে ‘জুলাই শহীদ’ নামে একটি অ্যাপ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অ্যাপটি চালুর বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ। জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই শহীদদের জীবনী নিয়ে একটি অ্যাপস পাবলিশ হয়েছে। অ্যাপসটি ইনস্টল করুন, অন্যকেও শেয়ার করুন। জুলাই শহীদরা আমাদের প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের মুক্তি দান করেছেন। শহীদদের জীবনী নিয়ে চর্চা করা, তাদের জন্য দোয়া করা, তাদের পরিবারের খবর নেওয়া আমাদের দায়িত্ব।”
সংগঠনটি জানান, অ্যাপটিতে জুলাই আন্দোলনে শহীদদের নাম, ঠিকানা ও জন্মতারিখসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রত্যেকের শহীদ হওয়ার ঘটনাস্থল, ঘটনার প্রেক্ষাপট, তাদের পরিবার ও স্বজনদের প্রতিক্রিয়াসহ সংশ্লিষ্ট নানা তথ্যও সংযুক্ত করা হয়েছে।
আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে ‘জুলাই শহীদ’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনটি।







