নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নেয়া হয়।
এ সময় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক আমীর হোসেন আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতরাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে এমপি ছেলে মিন্টুকে হেফাজতে নেয় ডিবি।
গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা ছাত্রদল নেতা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন সোমবার রাতে মারা যায় শাকিল।







