চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টায় উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ।
এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা হয়।
তিনি আরও বলেন, আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।







