বরিশাল সিটি করপোরেশন প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল চলাকালে বাংলাদেশি খেলোয়াড় রাব্বিকে তুলে আছাড় মারেন এক নাইজেরিয়ান ফুটবলার। এ ঘটনায় ক্ষুব্ধ দর্শকেরা ওই নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর করেন। ফলে পণ্ড হয়ে যায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ।
নাইজেরিয়ান ওই ফুটবলার ইডেন শহীদ জিয়া সড়ক একাদশের হয়ে খেলছিলেন। অন্যদিকে, রাব্বি খেলছিলেন শেরেবাংলা একাদশের হয়ে।
আজ বুধবার সন্ধ্যার দিকে বরিশাল কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। পরে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আয়োজক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ বলেন, বুধবার বিকেলে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড বাকি থাকতে মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়ের সংঘর্ষ হয়। তখন শহীদ জিয়া সড়ক একাদশের হয়ে খেলতে নামা ৪ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান ফুটবলার ইডেন ক্ষুব্ধ হয়ে শেরে বাংলা একাদশের ৭ নম্বর জার্সি পরা খেলোয়াড় রাব্বিকে তুলে রেসলিং স্টাইলে আছাড় মারেন।
এতে দর্শকরা ক্ষুব্ধ হয়ে চারদিক থেকে মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নাইজেরিয়ান খেলোয়াড়ের ওপর হামলা করেন।
তাকে মারধর করেন দর্শকরা। তখন মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, খেলার আয়োজক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা নাইজেরিয়ান খেলোয়াড়কে হেফাজতে নেয় এবং পরিস্থিতি শান্ত করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাঠে খেলা নিয়ে খেলোয়াড়-খেলোয়াড় দ্বন্দ্ব হয়েছে। এ সময় নাইজেরিয়ান প্লেয়ার বাংলাদেশি খেলোয়াড়কে তুলে আছাড় মেরেছে। এটা দেখে দর্শকরা ক্ষুব্ধ হয়ে মাঠের মধ্যে নাইজেরিয়ান খেলোয়াড়ের ওপর হামলার চেষ্টা করে।







