ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উল্লেখযোগ্য হারে ভোটপ্রদান করেন ভোটাররা।
এসময় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে ভোট দিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
কামরুল হাসান বাপ্পি নামের ওই ব্যক্তি উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এই বিষয়ে কামরুল হাসান বাপ্পি বলেন, আমি হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন পড়েছিল ভোটের মাঠে। অনেকে নিষেধ করলেও আমার মন মানছে না। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে আসেন। পরে চারজন ধরে কেন্দ্রে তুলে ভোট দেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪৯৩১। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে হিঙ্গুলীর মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের নির্বাচন সমন্বয়কারী দিদারুল আলম মিয়াজী বলেন কিছু কেন্দ্রে দাঁড়িপাল্লার কর্মীরা কিছু বোরখা পরা মহিলাদের দিয়ে জাল ভোট দেয়ার চেষ্টা করছে। আমাদের কর্মীরা যা হাতেনাতে ধরে প্রতিহত করেছে।
মীরসরাইয়ের সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, কিছু বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া সুনির্দিষ্ট বড় কোন অভিযোগ কোথাও পাওয়া যায়নি। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ভাবেই ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত এলেই সব জানা যাবে।







