ওসমান হাদির কর্মই তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত হওয়ার জায়গা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর বোন মাসুমা হাদি। একই সঙ্গে তিনি বলেন, ওসমান হাদিকে নিয়ে কথা বলতে হলে বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মাসুমা হাদি।
পোস্টে তিনি লেখেন, ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’ ২০২৪-পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নুরুল হক নুরুর মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় অনেকেই দাবি করেছিলেন, নুরু ইচ্ছা করেই মার খেয়েছেন এবং এটি তাঁর স্বভাবের অংশ। তবে এসব গুঞ্জনে কান না দিয়ে ওসমান হাদি রাত ১২টায় নুরুকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন এবং ওই হামলার বিচার দাবিতে জোরালো অবস্থান নিয়েছিলেন।
মাসুমা হাদি আরও লেখেন, ‘ওসমান হাদি শহীদ হয়েছেন। নুরু প্রতিমন্ত্রী হয়েছেন।’ নুরুর সাম্প্রতিক বক্তব্যের জবাব দেওয়ার জন্য তিনি লেখাটি লিখছেন না উল্লেখ করে বলেন, নুরু তাঁর কাছে এমন কোনো এলিট ব্যক্তি নন যে তাঁর প্রতিটি কথার জবাব দিতে হবে।
কবরের স্থান নির্ধারণের প্রসঙ্গে মাসুমা হাদি বলেন, কার কবর কোথায় হবে, তা আল্লাহই নির্ধারণ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মানুষের কর্মের সঙ্গে তার ভাগ্যের সম্পর্ক রয়েছে।
পোস্টের শেষাংশে মাসুমা হাদি লেখেন, ‘ওসমান হাদির কর্মই তাকে আমাদের নজরুলের পাশে জায়গা করে দিয়েছে।’ ওসমান হাদিকে নিয়ে মন্তব্য করার আগে বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।







