ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ‘ভুল ধরায়’ প্রতিপক্ষের হামলায় রফিক মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন। খেলা চলার একপর্যায়ে রফিক তাদের একটি ভুল ধরিয়ে দেন। এ নিয়ে সালমান ও বশিরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রফিককে ‘নাক না গলানোর’ জন্য বলেন।
পরে স্থানীয় কয়েকজন এসে বিষয়টি মীমাংসা করে দেন। তবে কিছুক্ষণ পর সালমান আবার রফিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সালমান রফিকের গলা চেপে ধরেন এবং তাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, ‘বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলার সময় রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করেন। এরপরই রফিক মারা যায়।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনও মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।







