সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে নতুন নীতিমালা করেছে সরকার। এর আওতায় এসব যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণের পাশাপাশি নিবন্ধন জালিয়াতি ঠেকাতে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং চালু করা হবে।
আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর ৭১ বিধির নোটিশের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, অটোরিকশা খাতের সঙ্গে বিপুল মানুষের কর্মসংস্থান জড়িত। তাই কর্মসংস্থান ব্যাহত না করে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে এ বিষয়ে বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন ব্যবস্থায় অটোরিকশা মহাসড়ক ও প্রধান সড়কে চলতে পারবে না। নির্ধারিত রুটেই চলাচল করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে একটি নিবন্ধন নম্বর ব্যবহার করে ১০ থেকে ২০টি পর্যন্ত যান চালানোর ঘটনা ঘটেছে। এ ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি অটোরিকশায় ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা করা হবে।
সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলছে। অবৈধ চার্জিং পয়েন্ট, বিদ্যুৎ চুরি, অনিরাপদ ব্যাটারি ও অদক্ষ চালকের কারণে তৈরি হচ্ছে নিরাপত্তা ও পরিবেশঝুঁকি। তবে লাখ লাখ মানুষের জীবিকার কথা বিবেচনায় নিয়ে এগুলো উচ্ছেদ না করে নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানান তিনি।







