বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
এর আগে ৩১ আগস্ট সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়। দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।







