ঝিনাইদহ থানায় ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘ছাত্রদলের প্রয়া ১ হাজার সন্ত্রাসী থানার সামনে এসেছে।
তারা আমাদের ওপর অ্যাটাক করেছে। রামদা নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে এসেছে। থানার গেট ভাঙার চেষ্টা করছে। শুক্রবার (২২ মে) রাতে থানার সামনে থেকে ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন বলে জানান। তিনি বলেন, মামলা নিতেই হবে। বিচার করতেই হবে। তিনি বলেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।
এর আগে শহরের পুরাতন ডিসি কোট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।







