মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে আরও দুই আসামিকে গ্রেফতারসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা ২০ মিনিটের দিকে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর এলাকার মতলব টোল ব্রিজ সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার। এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার করা হয় মাহমুদুল হাসান প্রকাশ আল-আমিন মজুমদার (২২) ও জুলহাস মুন্সি (৩৫)-কে। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর মুন্সিবাড়ি এলাকায় বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময় দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে তার তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২০, তারিখ: ২১ মে ২০২৬)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, পৃথক অভিযানে এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রসুলপুর এলাকা থেকে হত্যা চেষ্টা ও মারধরের মামলার এজাহারভুক্ত আসামি মো. নাঈম হাজী (৩১)-কে গ্রেফতার করা হয়।
একই দিনে এএসআই মাকসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ মোবারকদী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি নূরে আলম (৪৪)-কে আটক করে আদালতে সোপর্দ করেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







