শিশু রামিসার উপর সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা ও হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি (HRDS), মুন্সীগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে মানববন্ধনটি উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ ও হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি (HRDS) মুন্সীগঞ্জ জেলা শাখার বিভিন্ন মানবাধিকার কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের উপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য চরম উদ্বেগজনক। তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে শিশু নির্যাতন রোধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।







