সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। এমপি কামরুল সিলেট থেকে বাড়ি ফেরার পথে সংঘর্ষ দেখতে পেয়ে দুই পক্ষকে থামাতে গিয়ে ইটের আঘাতে হন।
পরে পুলিশ ও সোবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়া ও একই এলাকার কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে জমি বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। এর জেরে শুক্রবার বেলা ৫টা থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়।
সংঘর্ষে নারী-পুরুষসহ অনেকেই আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, সংঘর্ষ শুরুর ঘণ্টাখানেক পর পর সিলেটে থেকে সুনামগঞ্জে বাড়ির দিকে আসছিলেন এমপি কামরুজ্জামান কামরুল। সড়ক বন্ধ করে দীর্ঘক্ষণ চলা সংঘর্ষ বন্ধ করতে তিনি উভয় পক্ষকে আহ্বান জানান।
এ সময় ইটের আঘাতে তিনি সামান্য আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে, সংঘর্ষ চলাকালে জাউয়া ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ছাতক থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ আসে। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে কাজ করে।







