চট্টগ্রামের রাউজান উপজেলায় ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ ইলিয়াছ নুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এ ঘটনা ঘটে।
ইসলামী ফ্রন্ট সূত্রে জানা যায়, মোমবাতি প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ নুরী দিনভর বিনাজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচারণা চালান। সন্ধ্যার আগে কাগতিয়া বাজারে স্লোগান দিয়ে জনসংযোগ চলাকালে হঠাৎ ৮–১০ জনের একটি দল প্রচারণার গাড়ি থামিয়ে হ্যান্ড মাইক বন্ধ করে দেয় এবং মাইক চিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা আওয়ামী দোসর বলে অপবাদ দিয়ে প্রচারণা বন্ধ করতে চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ইসলামী ফ্রন্টের কয়েকজন নেতা কর্মী হালকা আহত হন। হামলাকারীরা প্রার্থীর সমর্থকদের হাতে থাকা প্রতীকী মোমবাতি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ নুরী বলেন, বারবার এভাবে প্রচারণায় বাধা এলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। রাউজানে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হলে সব প্রার্থীর সমান সুযোগ ক্ষুণ্ন হবে।







