জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তাহলে সেই আইন অনুযায়ী আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাশেদ খাঁন।
ভিডিওবার্তায় তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তাঁর কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে বলে দাবি করেন।
তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন রাশেদ। তার ভাষ্য, এর মধ্য দিয়ে আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।
ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করারও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে মিথ্যাচার করেছেন আমির হামজা।
রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকার না করে সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ বলেন, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় তাঁকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।
আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, বিষয়টি জামায়াতের আমিরও জানেন।
আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, জামায়াতে ইসলামী যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত।
টতিনি বলেন, ‘আমির হামজা যে পাপ করেছে, শরিয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরিয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার।’
এসব ঘটনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।







