আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’— এমন মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল।
আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্রসিকিউশন জানায়, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়।
এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এসেছে। এ ঘটনায় তাকে আগামী ৪ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”







