ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হওয়ায় আমার দেশ পত্রিকার মিথ্যা বয়ান ছিঁড়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, কিছু মিডিয়া প্রচার করছে, ফেসবুক লাইভে আমার দেশ ছিঁড়ে ফেলেছি। আমি কোনো ফেসবুক লাইভ করিনি।
রোববার (১ অক্টোবর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 'আমার দেশ' পত্রিকায় যাতে আমার কোনো বক্তব্য প্রচার না করা হয়, এজন্য সম্পাদক মাহমুদুর রহমান আমার উপর নিষেধাজ্ঞা জারি করেন। সেসময় আমি তথ্য উদঘাটন করে জানতে পারি যে, 'আমার দেশ' পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের এক পদধারী নেতা, বড় ব্যবসায়ী ও ডামি এমপির কোম্পানির ফান্ডিংয়ে।
তিনি আরও বলেন, আমি শুরুতে অবাক হয়ে মাহমুদুর রহমানের হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্যপ্রমাণ পাঠাই। তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি ভাবছিলাম, হয়তো বিষয়টি তার অগোচরে হচ্ছে। যেকারণে তাকে বারংবার টেক্সট করে তথ্য প্রমাণ পাঠিয়েছি। কিন্তু তিনি বিষয়টি টোটালি এভয়ড করেন এবং আমার কল রিসিভ করাও বন্ধ করে দেন।
বলেন, পরবর্তীতে আমার দেশ পত্রিকার একজন দায়িত্বশীলের সাথে কথা বললে, তিনি উত্তরে বলেন, ভাই, আমাদের তো পত্রিকা চালাতে হয়! তিনি আমাকে বিষয়টা এভয়ড করতে অনুরোধ করেন। এই ঘটনায় মাহমুদুর রহমানের চরিত্র আমার কাছে উন্মোচন হয়ে যায়। পত্রিকা চালানোর জন্য তিনি গণঅভ্যুত্থানের বিরোধী পক্ষের সাথে আপস করতে জানেন!
কোনো যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, কিন্তু একটি পত্রিকা আমাকে আওয়ামীলীগ ট্যাগিং করে সজীব ওয়াজেদ জয়ের সাথে এক হয়েছি মর্মে বিভ্রান্তিমূলক লিড নিউজ করতে পারে না। প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ হয়ে এবং জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এমনটি করেছেন।
তিনি আরও বলেন, মূলত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকের ঘটনায় মিয়া গোলাম পরওয়ারকে সেভ করতে ও জামায়াতের পক্ষে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে পরিকল্পিতভাবে সজীব ওয়াজেদ জয়ের সাথে আমার এক হওয়ার অপতথ্য প্রচার করেছে আমার দেশ পত্রিকা।
আর যেহেতু আমার দেশ পত্রিকা বর্তমানে জামায়াতের রাজনৈতিক মুখপাত্র হিসেবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কর্মী হিসেবে সেটির জবাব না দিলে মিথ্যা বলতে বলতে একসময়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করে ফেলতো বলেও জানান তিনি।







