রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. রুনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা। শনিবার (৩১ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত রুনা বেগমকে ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় গৃহিণী ছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৪০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ জন কমেছে।
মনির হোসেন মাহিন/কেজে/জেআইএম







