রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এই ফলাফল ঘোষণা করেন। এ সময় আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, বরাবরের মতো ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এজন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, এবার কলেজ থেকে ৪৯ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।
প্রসঙ্গত, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। যা গতবছর (২০২৫) ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। তার আগের বছর (২০২৪) এই হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।







