রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের কক্ষের তালা খুলে দিয়েছে প্রশাসন। মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কক্ষটিতে প্রবেশ করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের উপস্থিতিতে মামলার বাদী ও দুই সাক্ষীকে সঙ্গে নিয়ে কক্ষের তালা খোলা হয়। পরে সেখানে তদন্তের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেন সংশ্লিষ্টরা।
ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, তদন্ত কর্মকর্তার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে বাদী ও সাক্ষীদের নিয়ে উপাচার্যের কক্ষে প্রবেশ করা হয়েছে। প্রতিষ্ঠানের নির্ধারিত প্রটোকল মেনেই প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নেই।
তালা খোলার সময় রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তারা উপাচার্যকে তার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে পৌঁছে দেন।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা হয়েছে। প্রশাসনকে সহযোগিতা করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি রামেবি ক্যাম্পাসে প্রবেশ করে উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করান বলে অভিযোগ ওঠে। পরে তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার ওই কক্ষের তালা খুলে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়।







