কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে মারধর ও অফিসকক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই শিক্ষক শিশুটির গলা চেপে ধরেন, কিল-ঘুষি ও লাথি মারেন এবং পরে তার মাথার চুল কেটে দেন।
এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক আরিফ উল্লাহকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় অবস্থিত চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আরিফ উল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের জুম্মাপাড়ার শহিদুল্লাহর ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মাদ্রাসাটিতে পড়াশোনা করা ১০ বছর বয়সী শিশুটির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক আরিফ উল্লাহ তাকে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় গলা চেপে ধরা, কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিশুটির মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে খবর পেয়ে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
ওসি আরও জানান, শিশুটির বাবা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আরিফ উল্লাহকে গ্রেফতার করা হয়।







