বগুড়ার ধুনটে একটি মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির দায়ে গ্রেপ্তার করা আট চোরের সঙ্গে থানায় দেখা করতে এসে আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার মুরাদপুরের মোহাম্মাদ মোস্তফা (৪০) ও কেমতলী গ্রামের বাবুল চৌধুরী (৪৮)।
এর আগে, ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার আট চোরের সঙ্গে ধুনট থানায় দেখা করতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, ধুনট শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে চুরির ৩ ঘণ্টা পর আট চোরকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় ওই দোকান থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে থানার হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল। তাদের থানায় আসার বিষয়টি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।







