সাতক্ষীরার শ্যামনগরে এক পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহরণকৃত চিকিৎসকের নাম অনিমেষ পরমান্য (৫০)। এ ঘটনায় তার ভাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার সকাল ১০টার দিকে ডিউটিতে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন।
অনিমেষ পরমান্য- উপজেলার বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।
পরিবার জানায়, শনিবার সকাল থেকে অনিমেষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একাধিকবার মোবাইলে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার দিকে অনিমেষের ব্যবহৃত ফোন নম্বর থেকে অপরিচিত এক ব্যক্তি কল দিয়ে তাকে জিম্মি করার কথা জানায়। এসময় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি গোপন রাখার জন্য পরিবারকে হুমকিও দেওয়া হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ফোন কলের লোকেশন শনাক্তের চেষ্টা চলছে। শনিবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
