লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের বিএনপিতে যোগদান নিয়ে ‘২০০ জনের জনশক্তি’ সঙ্গে থাকার যে খবর বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে, এ সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে রামগতি পৌর জামায়াত।
এ বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামী, রামগতি পৌরসভা আমীর মাওলানা আবুল খায়ের মোঃ ইসমাইল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে পৌর আমীর বলেন, প্রকাশিত সংবাদে যে হাসান উদ্দিন রাসেলের কথা বলা হয়েছে, তিনি অনেক আগে রামগতি পৌর জামায়াতের ১নং ওয়ার্ড সেক্রেটারি ছিলেন। প্রায় দুই বছর পূর্বেই তার আচার-আচরণ এবং সাংগঠনিক নিয়ম-কানুন ও সিদ্ধান্তবহির্ভূত কর্মকাণ্ডের কারণে সংগঠনের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসে তিনি ১নং ওয়ার্ড সংগঠনের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিলর প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ওয়ার্ড সংগঠন তৃণমূলের মতামত নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু তার পক্ষে কোনো মতামত না আসায় তিনি বিএনপি থেকে প্রার্থী হওয়ার জন্য যোগাযোগ করেন এবং গত ১২ সেপ্টেম্বর বিএনপিতে যোগদান করেন।
পৌর জামায়াত আমীর স্পষ্ট করে বলেন, হাসান উদ্দিন রাসেল বিএনপিতে যোগদান করেছেন—এটি সত্য। তবে তিনি একাই যোগদান করেছেন। তার সঙ্গে রামগতি পৌর জামায়াতের অন্য কোনো জনশক্তি বিএনপিতে যোগদান করেনি। অথচ বিএনপির পক্ষ থেকে ২০০ জনের যোগদানের যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে রামগতি পৌর জামায়াত আমীর সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার করে সাধারণ মানুষের আস্থা নষ্ট না করার জন্য।
আবুল খায়ের পৌর বিএনপিকে আহ্বান করে বলেন, সত্য ও দায়িত্বশীল রাজনীতির স্বার্থে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকা উচিত। জনগণের সামনে সত্য তথ্য তুলে ধরার আহ্বানও জানান।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানানো হয় এবং উপস্থিত সাংবাদিকদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।







