কুষ্টিয়ার কুমারখালীর গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে এক কলেজছাত্রী। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্রীর নাম শর্মিলা খাতুন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যায় শর্মিলা খাতুনকে সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে নিজের কলেজ ব্যাগ সেতুর ওপর রেখে গড়াই নদীতে ঝাঁপ দেন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে প্রবল স্রোতে ভেসে যেতে দেখেন। ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়া ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রীর স্বামী জানান, সকালে তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে তিনি পরীক্ষা দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতে জানতে পারেন যদুবয়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয় শর্মিলা।
কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, শর্মিলা খাতুনকে উদ্ধারে খুলনায় ডুবুরি দলকে অবহিত করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।







