নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৯ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস নোটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।
১৬ বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্য লাইনের ১০০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যক্তি। কিন্তু বর্তমানে শূন্যরেখায় এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোনও এক সময় বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে হঠাৎই সীমান্ত লাইট বন্ধ করে দেয় বিএসএফ। প্রায় ২ ঘণ্টা পর রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে উঠে। কিন্তু তখন আর ওই ৯ জনের কাউকে সেখানে দেখা যাচ্ছিল না।
তিনি জানান, সাধারণত বিএসএফের ভিন্ন উদ্দেশ্য থাকলে এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে তারা। যেহেতু রাতে ২ ঘণ্টা লাইট বন্ধ ছিল, ধারণা করা হচ্ছে ওই সময় ৯ জনকে তারা ভারতে ফিরিয়ে নেয়া হতে পারে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে মোকাবেলা করা হবে।
বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪ নং পিলার এলাকা দিয়ে শিশু-নারীসহ ৯ জনকে পুশইন চেষ্টা করে বিএসএফ। যা স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি।







