পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ৩ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কাজীরহাট বাজারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আমিনপুর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
আদালত সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে কাজীরহাট বাজারের ‘মিঠু স্টোর’ ও ‘মুন সিগমা স্টোরে’ অভিযান চালানো হয়। অভিযানে মিঠু স্টোর থেকে ১ হাজার ৬০০ লিটার এবং মুন সিগমা স্টোর থেকে ২ হাজার লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অপরাধ স্বীকার করায় মিঠু স্টোরের মালিক আব্দুল কদ্দুসকে (৬৫) ৫০ হাজার টাকা এবং মুন সিগমা স্টোরের মালিক আব্দুস সালামকে (৫৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত এই বিপুল ডিজেল রোববার রাত ও সোমবার সকালে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত দরে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।







