গণভোটের রায় বাস্তবায়ন ও ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে জোটের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
পরে মিছিলটি শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, ডাক্তারপাড়া মোড় ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর ফেনী জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন সঞ্চালনা করেন।
এতে বক্তব্য দে জেলা আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, এবি পার্টির জেলা সদস্যসচিব ফজলুল হক, এনসিপির জেলা আহ্বায়ক সৈকত ইসলাম জাহিদ এবং সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেকে মন্ত্রী ও সংসদ সদস্য হলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে ১১ দলীয় জোট লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।
তারা আরো বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না।
দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।







