১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামীলীগ ফ্যাসিস্ট ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে আবারও যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাদেরকে অতীতের ফ্যাসিস্টদের পরিণতির ইতিহাস স্মরণে রাখা উচিত। দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দিবেন।
তিনি শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এডভোকেট জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না| ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ও সংবিধান সংস্কার। ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ রায় দিয়ে প্রমাণ করেছে জনগণ পরিবর্তন ও সংস্কার চায়। কিন্তু দুই তৃতীয়াংশ ভোটকে পুঁজি করে বিএনপি গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানীর ফল ভালো হবেনা। দেশপ্রেমিক ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জুবায়ের আরো বলেন, সরকার সংসদের কার্যপ্রণালী বিধির অপপ্রয়োগের মাধ্যমে বিরোধীদলের অধিকার খর্ব করছে এবং গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কারসহ জন-গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিল করেছে। বিচার বিভাগকে দলীয়করণের লক্ষ্যে বিচারক নিয়োগের ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। চাঁদাবাজি ও দলীয় সিন্ডিকেট ব্যবস্থার কারণে জ্বালানী তেলসহ বাজারে নিত্যপণের দাম বৃদ্ধি পাচ্ছে| যা জুলাই গণঅভ্যুত্থানের পরিপন্থী।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর আমীর মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।