কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮) ও প্রাইভেটকার চালক বরিশালের জামাল হোসেন (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।







