কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে শহরের জেলা কারাগারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আজানের পরপরই একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি জেলা কারাগারের সামনের প্রধান সড়কে আসে। একপর্যায়ে তারা সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ককটেলটি প্রধান ফটকের সামনে বিস্ফোরিত হলে কারারক্ষী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় তল্লাশি চালান কারারক্ষীরা। তবে দ্রুত পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
কারাগারের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত স্থাপনার সামনে এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘ভোর ৫টার দিকে সড়ক থেকে মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কারাগারের ভেতরে বা বাইরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি।’’
তিনি আরও জানান, কারা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।







