দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে মানুষের জান-মাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেছেন, জনগণের ওপর কোনো আক্রমণ হলে জামায়াত বসে থাকবে না। বরং সর্বশক্তি দিয়ে জনগণের পাশে দাঁড়াবে।
সোমবার রাজধানীর ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে দক্ষিণখান পূর্ব থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির মো. আবু সাঈদ।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দেশে কখনোই ফিরবে না।’ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিদেশ থেকে নেতাকর্মীদের উসকে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, সর্বস্তরের মানুষকে নিয়ে তারা নাগরিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছেন। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, তাদের ঐক্যবদ্ধ করা এবং নাগরিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে সোচ্চার করাই এসব সমাবেশের মূল লক্ষ্য।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের জীবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটছে। এরপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করায় জনগণের উদ্বেগ বাড়ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, অভ্যন্তরীণ দুর্বলতা ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে। যৌথ অভিযানের মাধ্যমে সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা রাজনৈতিক সন্ত্রাসী হোক কিংবা অন্য কেউ, কাউকেই ছাড় দেওয়া যাবে না। সন্ত্রাসের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, জনগণের দেওয়া রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন থেকে সরকারকে সরে আসতে হবে। জুলাইকে কার্যকর করা এবং জুলাইয়ের মর্যাদা রক্ষা করতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে সংবিধানকে ফ্যাসিবাদমুক্ত করে গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত করতে হবে।
সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী জনকল্যাণের রাজনীতি করে। দলটি সব সময় জনগণের পাশে রয়েছে। ঢাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, জনগণ জামায়াতের প্রতি যে সমর্থন ও ম্যান্ডেট দিয়েছেন, তার প্রতিদান হিসেবে তাদের জান-মাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবে দলটি। দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে জামায়াত মানুষের পাশে থাকবে।
সমাবেশে দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে। জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। কোরআন ও সুন্নাহর আলোকে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তিনি।







