রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

Post Image


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ড ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বৈঠকটি।

এতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে এনসিপি। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবে দলটি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক শীর্ষ নেতা অংশ নিতে পারেন। এনসিপির একটি সূত্র জানায়, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। গতকাল রাতেই বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য দলীয় এজেন্ডা ঠিক করার কথা জানিয়েছে এনসিপি।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ বৈঠককে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে সংলাপে অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি হিসেবে দেখছে না দলটি। বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তারা।

গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন।’

তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন নাহিদ। তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে ক্ষমাও চাইতে হবে।

জাতীয় ঐক্য শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণ, সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও প্রতিষ্ঠার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে হলে সে ঐক্য ফিরিয়ে আনতে হবে। জুলাই বিপ্লবে মানুষ কোনো রাজনৈতিক দলের ব্যানারে রাজপথে নামেনি; সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল।

নাহিদ আরো বলেন, এখন রাজনৈতিক দলগুলো জনগণকে সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আবার রাজপথে নামাবে, অথচ বিপ্লব শেষ হলে সেই অঙ্গীকার ভঙ্গ করবে—এমনটি হলে জনগণ আর সাড়া দেবে না।

জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক হচ্ছে

ধারাবারিক সংলাপের অংশ হিসেবে এনসিপির পর জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক হবে। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে। জামায়াতসংশ্লিষ্ট সূত্র বলছে, দলটির আমির ডা. শফিকুর রহমান ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরবেন। এরপর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। তবে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা আমার দেশকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো আমন্ত্রণ পায়নি জামায়াতে ইসলামী।

সহিংসতা ঘিরে রাজনৈতিক ঐক্যের উদ্যোগ

এদিকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। ৯ নভেম্বর রাতে বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের পর ১০ নভেম্বর ধর্মঘটকে কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটে।

১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে বিক্ষোভের পাশাপাশি সরকারি স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা বাড়ে। টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পুলিশ সদস্যরা চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় ২,০০০ অতিরিক্ত পুলিশ এবং বিজিবির ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এরপরও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

এছাড়া চোরাগোপ্তা ককটেল হামলা, পুলিশের স্থাপনা ও যানবাহন, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব হামলার ভিডিও শেয়ার করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর উচ্ছ্বাস প্রকাশের ঘটনাও সামনে এসেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন।

পরদিন ১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানায়। গত শনিবার রাজধানীতে এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

টঙ্গী থেকে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

‘১৮ কোটি মানুষের নিরাপত্তা নিয়ে তামাশা করা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক

বাকলিয়ায় মাদকসহ কিশোরগ্যাং লিডার ‌‘জেকি’ আটক

আনিস আলমগীরকে গ্রেপ্তারের দাবি জেজেইউর

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী ও কর্মচারী আহত

সর্বাধিক পঠিত

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত