নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।
এর আগে ২০২৩ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আলোচনায় আসেন তানিয়া আক্তার তাপসী।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
২০২৩ সালের ২৪ আগস্ট ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে টিএসসিতে আয়োজিত এক আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। তবে তার বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।







