নিজের একাধিক সহপাঠী জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সাংগঠনিক সর্বোচ্চ স্তর ‘রুকন’ হিসেবে শপথ গ্রহণ করায় আনন্দ প্রকাশ করেছেন আলী হাসান।
শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আনন্দের কথা জানান তিনি।
পোস্টে আলী হাসান জামায়াতের রুকন হিসেবে শপথ নেওয়া ড. ফয়জুল হককে অভিনন্দন জানান। তিনি লেখেন, ড. ফয়জুল হকের রুকন শপথ গ্রহণের খবর পেয়ে তাঁকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় ফয়জুল হক বলেন, ‘এর কৃতিত্ব তো আপনার; আমি তো হুকুম তামিল করলাম মাত্র।’
জবাবে আলী হাসান বলেন, ‘যাক, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত ওয়াজ কাজে দিয়েছে—এ কারণে বড় আনন্দ বোধ হচ্ছে।’ তিনি জানান, এর আগে দীর্ঘ সময় নিয়ে ড. ফয়জুল হককে সাংগঠনিক বিভিন্ন ধাপ পেরিয়ে রুকন শপথ গ্রহণের জন্য উৎসাহিত করেছিলেন।
পোস্টে রুকন শব্দের অর্থ ও সাংগঠনিক গুরুত্ব তুলে ধরে আলী হাসান বলেন, রুকন অর্থ ভিত্তি। সাংগঠনিক সব ধাপ পেরিয়ে যারা ভিত্তি ও স্তম্ভে পরিণত হন, তাঁরাই সংগঠনের প্রাণ।
তিনি আরও দাবি করেন, একসময় সারাদেশে জামায়াতের রুকন সংখ্যা ৩০০ জনেরও কম ছিল। বর্তমানে ঢাকা মহানগরীর একটি অংশেই ১৩ হাজারের বেশি রুকন রয়েছেন। নিজের সহপাঠীদের মধ্যেও একাধিক যোগ্য আলেম ও মুফতি ইতোমধ্যে রুকন হিসেবে শপথ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে ড. ফয়জুল হকের জন্য শুভকামনা জানিয়ে আলী হাসান বলেন, আগামী রমজানে তাঁরা একসঙ্গে বাইতুল্লাহ সফর করবেন বলে আশা করছেন। একই সঙ্গে তাঁকে ঝালকাঠির আগামী দিনের কর্ণধার ও কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে উল্লেখ করে শুভকামনা জানান তিনি।







