আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দলটিকে ক্যানসারে আক্রান্ত রোগীর সঙ্গে তুলনা করে বলেছেন, ‘কোনো কেমোথেরাপি দিয়েও আওয়ামী লীগকে আর বাঁচানো সম্ভব হবে না।’
শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
রাশেদ খান তার স্ট্যাটাসে লেখেন, ‘শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত। এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। শেষ পর্যন্ত এমন কথাও শোনা যেতে পারে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে।’
আওয়ামী লীগের অন্য পলাতক নেতারাও ভবিষ্যতে শেখ হাসিনা তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করতে পারেন বলে মন্তব্য করেন রাশেদ। সে ক্ষেত্রে দলটির হাল ধরতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে বলেও লেখেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘এতে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে না ফিরলেও ভবিষ্যতে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনাটি জিইয়ে রাখা যাবে।’
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আ.লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।’







