- লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন নেতা বিএনপি থেকে পদত্যাগ করতে আবেদন করেছেন।
- আজ সোমবার দুপুরে সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া কাছে তারা পদত্যাগ পত্র জমা দেন।
- পদত্যাগ চাওয়া নেতারা চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছে। এরমধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেয় ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৩১ নেতা। তবে পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর দিলেও জমা দিতে আসেন ১০ জন।
- পদত্যাগ করতে চাওয়া নেতারা হলেন- সভাপতি জাকির হোসেন সুমন, সহ-সভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুব বিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্র বিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রম বিষয়ক নুর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহ-সম্পাদক মো. হেলাল, সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো.ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো, ইব্রাহিম ও তছলিম মিঝি। তারা চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির নেতা।
- জাকির হোসেন সুমন বলেন, জাবেদ বিভিন্ন নারীদের কাছ থেকে বিধবা ভাতা দিবে বলে টাকা নিয়েছে। সে জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারী কেলেঙ্কারির ঘটনায় তাকে অব্যাহতি দেয়া হয়। তার কারণে দলের বদনাম হয়েছে। তার অব্যাহতি প্রত্যাহার করায় আমরা এবং দলের বদনাম হচ্ছে। এ জন্য আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।
- সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্রটি রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানানো হবে।







