নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উত্তর মাসদাইরে আমানা গার্মেন্ট সংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের টিনের তৈরি একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। রোববার রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। তার সঙ্গে আসা অন্যরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে দুটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তবে বিষয়টিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় দুটি পৃথক দল তদন্ত করছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।







