নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি বাইক শোডাউন দেয় ছাত্রদল। মঙ্গলবার রাতে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে এ শোডাউন দয় তারা। তবে এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের সাবেক এক নেতাকে দেখা গেছে। তার নাম আবিদুর রহমান। তিনি ২০২২ সালে ছাত্রলীগের মুজিব হলের শান্ত-মাহবুব কমিটির এক নম্বর সদস্য ছিলেন।
শোডাউনের পর ছাত্রদল নেতা আবিদুল ইসলাম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হাজারো মতপার্থক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।’
ওই ভিডিওতে দেখা যায়, আবিদুল ইসলামের ঠিক বাম পাশের আরেকটি মোটরসাইকেলে রয়েছেন আবিদুর রহমান। বিষয়টি মুজিব হল ছাত্রদল ও হল সংসদের একাধিক নেতাও নিশ্চিত করেছেন।
জানতে চাইলে হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, ‘এই ছেলে অনেক দিন ধরে বাইক চালায় ছাত্রদলের হয়ে। সভা-সমাবেশেও অংশ নেয়। হয়তো গতকাল চোখে পড়েছে। বাড়ি গোপালগঞ্জ-ফরিদপুরের দিকে।’
অভিযোগ রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল আবিদুর রহমান। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তথ্য সামনে আসলে শাহবাগে এসে ছবি তুলেন আবিদ। এরপর থেকেই ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এর পরই ছাত্রদল নেতা আবিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় তাকে। এছাড়াও শিক্ষার্থীরা তাকে হলে তোলার বিপক্ষে ছিল। তিনি শুরু দিকে হলে ছিলেন না।
এ বিষয়ে জানতে হলের একাধিক শিক্ষার্থী বলেন, আবিদুর রহমান ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের আগেও সে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল। তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। নিজেকে ছাত্রদলের কর্মী পরিচয় দেন আবিদুর রহমান।
এ দিকে আবিদুর রহমানের ফেসবুক আইডিতে ২০২৪ সালের ৫ আগস্টের আগে শিক্ষার্থীদের পক্ষে কোন পোস্ট খোঁজে পাওয়া যায়নি। আইডিতে ৫ আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছবিটি শেয়ার করেন আইডিতে।







