২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করা সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
এরই মধ্যে, তিনি সীমান্তের কাটাতার পেরিয়ে দেশে প্রবেশ করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া এ ভিডিওটি নিয়ে ফ্যাক্ট চেক করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘বিটিভি মনিটরস’ সেকশন। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিটিভির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে জানানো হয়। পোস্টটির ফটোকার্ডে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সেই ভিডিওর স্থিরচিত্র যুক্ত করে শিরোনামে লেখা হয়, ‘সীমান্তের কাঁটাতার পেরিয়ে অন্ধকার রাতে লুকিয়ে বাংলাদেশে আসছে পলাতক আসামি শেখ হাসিনা, ভিডিওটি এআই জেনারেটেড’
বিটিভির ওই পোস্টটির ক্যাপশনে লেখা হয়, “সীমান্তের কাঁটাতার পেরিয়ে অন্ধকার রাতে লুকিয়ে বাংলাদেশে আসছে পলাতক শেখ হাসিনা। সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বিটিভি মনিটরস নিশ্চিত হয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, বাস্তব নয়।”







