মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে তিনি ওই বক্তব্য দেন।
ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতারা কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়, আমি শান্তি চাই।’
তিনি আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বক্তব্য দিয়েছেন যে, বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন গ্রামেগঞ্জে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।’
বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজেকে উদার দাবি করে বলেন, ‘আমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি, আমি শিবচরের মানুষকে সেই বাকস্বাধীনতা দিয়েছি।’







