আল্লাহ চাইলে আগামী দিনে জামায়াতে ইসলামী বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাবে বলে মন্তব্য করেছেন রায়হান উদ্দিন। তিনি বলেন, সেই সময় খুব বেশি দূরে নয়। এ জন্য নেতাকর্মীদের অন্যের বক্তব্যে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেদের কাজ ও প্রস্তুতির দিকে মনোযোগী হওয়া প্রয়োজন।
রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রায়হান উদ্দিন বলেন, আশপাশের কোনো রাজনীতিবিদ কী বললেন, কে নাফরমানি করলেন কিংবা কে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করলেন—এসব বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। জামায়াতকে নিয়ে কে ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য করলেন, তা দেখার মতো সময়ও নেই।
তিনি আরও বলেন, কারও মন্তব্য, হিংসা, ষড়যন্ত্র কিংবা কটুকথা জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। কার দৌড় কতদূর, তা মানুষ ভালোভাবেই জানে। সবাই রাজনীতি করুক, নিজেদের মত প্রকাশ করুক। এসব বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়ে লাভ কী?
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘চলেন, আসন্ন দায়িত্বের জন্য নিজেদের প্রস্তুত করি।’







