রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ স্টেশনে কোনো ট্রেন থামছে না। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিনের মতো মঙ্গলবার সকালেও মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন শেখ।
পুলিশের পরিদর্শক মো. মহসিন শেখ বলেন, সংঘর্ষের কারণে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। এ স্টেশনে ট্রেন থামছে না। তবে বাকি স্টেশনগুলো খোলা রয়েছে।







