আমরা মনে করি শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট না, আইজিপির তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব থেকে তার চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা বিভাগ (উত্তর) এর সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমার পাশে সিফাতের মা বসে আছেন। উনার সন্তানের মুক্তির জন্য উনি গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। বিদ্যুৎ এর দাম বৃদ্ধির সমালোচনা করায় গত সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয়। সেসময় অনেকের ভুতুড়ে বিল আসছিল। সিফাতের ভাষাটা হয়তো সমর্থনযোগ্য না। কিন্তু তাকে তো আপনি এই কারণে গ্রেফতার করতে পারেন না। এবং তাকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। এই আইনে শেখ হাসিনা বিরোধী দল দমন করেছে। তারেক রহমানও সে পথে চলছেন।
মত প্রকাশের কারণে গ্রেফতার সবার মুক্তি দাবি করে নাহিদ ইসলাম বলেন, আমরা গাজীপুরে এই সভা থেকে আমরা পরিষ্কার ভাষায় আমরা সিফাতের মুক্তির দাবি করতেছি। অবিলম্বে সিফাতকে মুক্তি দিতে হবে এবং আমাদের গাজীপুর শ্রীপুরে আমাদের সজন নামে এনসিপির একজন সদস্য তাকেও এই ফেসবুকে সমালোচনা করার জন্য গ্রেফতার করা হয়েছে। আমরা তারও মুক্তি দাবি জানাচ্ছি।
গাজীপুরের শ্রমিক বিক্ষোভ নিয়ে নাহিদ ইসলাম বলেন, গাজীপুর এটা শ্রমিক এলাকা, শিল্পাঞ্চল এলাকা। আজকেও এখানে বিক্ষোভ হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে। আমরা সেই সকল পোশাক শ্রমিক ভাইবোনদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন এবং তাদের আন্দোলনের প্রতি আমরা সংহতি জ্ঞাপন করছি। সবার সঙ্গে আলোচনা করে, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তাদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি।
সমন্বয় সভায় এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগ (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







