দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব পর্যায়ের জনশক্তিকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য।
শুক্রবার সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আমির নির্বাচন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। রুকনদের প্রত্যক্ষ ভোটে মহানগরের নতুন আমির নির্বাচিত হবেন। সংগঠনে দায়িত্ব কোনো পদমর্যাদা নয়, এটি একটি আমানত। তাই দায়িত্বশীলদের জবাবদিহির মানসিকতা নিয়ে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।







