পুনর্গঠন হচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন কমিটিতে তাঁদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করার বিষয়ে আলোচনা রয়েছে। মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।
সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’







